ইন্টারনেট চালুর অন্যতম অগ্রদূত মার্কিন বিজ্ঞানী লরেন্স জি. রবার্টস (৮১) মারা গেছেন। যে চার জনের হাত ধরে দুনিয়া বদলে দেওয়া প্রযুক্তি ইন্টারনেটের সূচনা হয়েছিল তার অন্যতম ছিলেন লরেন্স জি. রবার্টস। যিনি ল্যারি রবার্টস নামেই সমধিক পরিচিত। তার পারিবারিক সূত্রের বরাতে বিবিসি নিশ্চিত করেছে, গত ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রেডউড সিটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মূলত অরপানেট নামে পরিচিত ইন্টারনেটের প্রাথমিক ভিত্তির ডিজাইন করেন ল্যারি রবার্টস। তিনি ১৯৬৬ সালে অরপানেটের প্রাথমিক ডিজাইনটি করেন। এই ডিজাইনই ইন্টারনেটের প্রথম মানচিত্র হিসেবে স্বীকৃত। বিবিসি জানায়, ষাটের দশকের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (আরপা) একটি অংশের দায়িত্বে ছিলেন রবার্টস। এ সময় তিনি সামরিক বাহিনীর নিজস্ব যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণে কান, ভিন্ট সার্ফ এবং লেন ক্লেইনরকের সঙ্গে অরপানেট নামের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করেন। পরে এই চারজনকেই ইন্টারনেটের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৬৯ সালে অরপানেটে প্রথম চারটি কম্পিউটার যুক্ত হয়। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগের জন্যই অরপানেট যাত্রা শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগে এই নেটওয়ার্ক ব্যবহূত হতে থাকে। তবে পরবর্তী সময়ে ব্যাপক গবেষণায় প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি অরপানেটের নেটওয়ার্ক দ্রুত বাড়তে থাকে। ১৯৮৯ সালে আইএসপির মাধ্যমে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হয় এই নেটওয়ার্ক। এরপর যোগাযোগ প্রযুক্তির দিক বদলের হাতিয়ার হয়ে ওঠে ইন্টারনেট।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন