বুধবার, ২ জানুয়ারি, ২০১৯

ফেসবুকের বিরুদ্ধে ফের তথ্য চুরির অভিযোগ

ফের অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে। যুক্তরাজ্যভিত্তিক প্রাইভেসি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপস ব্যবহারকারীর অজ্ঞাতে ফেসবুকের কাছে ব্যক্তিগত তথ্য শেয়ার করছে। প্রতিষ্ঠানটি নিজস্ব গবেষণায় গত আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৩৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ পর্যবেক্ষণ করে দেখেছে, এর মধ্যে ২০টি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করেছে। বিষয়টি এমন, কোনো গ্রাহক সংশ্নিষ্ট অ্যাপ ইনস্টলের পর চালু করলেই তার ব্যক্তিগত তথ্য ফেসবুকের কাছে চলে যাচ্ছে! পর্যবেক্ষণ করে দেখা অ্যাপের ৬১ ভাগই চালুর সঙ্গে সঙ্গে ফেসবুকের কাছে তথ্য পাঠাতে শুরু করে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর কোনো ধরনের অনুমতি নেওয়া হচ্ছে না। এসব অ্যাপ বিনামূল্যে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যায়। এ অ্যাপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাই টকিং টম, ট্রিপ অ্যাডভাইজার, স্কাইস্কেনার, ফ্যামিলি লোকেটরের মতো জনপ্রিয় অ্যাপস ব্যবহারকারীর আইডিসহ অ্যাপ সংশ্নিষ্ট বিভিন্ন তথ্য শেয়ার করছে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারী কোন কোন অ্যাপ কখন খুলছে, কত সময় ব্যবহার করছে প্রভৃতি। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ফেসবুকের সঙ্গে এভাবে গ্রাহকের তথ্য শেয়ার প্রাইভেসি নীতিমালাকে পুরোপুরি লঙ্ঘন করছে। কোনো অ্যাপেরই বিনানুমতিতে গ্রাহকের তথ্য সংগ্রহ ও শেয়ারের অধিকার নেই।
শেয়ার করুন