অন্তত একবার
শংকর চট্টোপাধ্যায়
অন্ধের মতো আঙুল বাড়িয়ে ,একবার ছুয়ে দাও দেখি আমার শরীর
দেখি গা থেকে জমানো ছাই ওড়ে কিনা
নেভে কিনা আগুন
অভিন্ন এক সমতল থেকে ডাকছি আমি তোমায়
আমি কি তোমার কাছে কোনো রাজ্যপাট চেয়েছি ,
চেয়েছি তোমার গা ভরা গোলার ধান
তোমার আত্মার ভেলকিভাজী
সন্তান ধারনের ক্ষমতা ।
তুমি নদী হলে , আমি ডুব সাতার দেবার আগে তোমার গভীরতা
মেপে নিতাম
আমি চাষী নই , যে ফসলের আশায় বীজ বুনব
তুমি পুজোর ছুটি নও , যে বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়া যাবে
তুমি দোলমঞ্চ হলে এবার পৌষে রাসের মেলা বসাতুম ।
আসলে তুমি কিছু নও , যুদ্ধ কিংবা স্বাধীনতা
কোন অপূর্ব সম্ভবনা নও তুমি
এমন কি বিচ্ছেদ হলে ,ঘিরে থাকত তোমার চাঁদের প্লাবন
রক্তপাত , উন্মাদ হওয়ার প্রতিবন্ধ
অন্তত এক বার যদি আমার হাতের অক্ষর গুলোকে বিশ্বাস করে
তুমি গোধুলিতে আচ্ছন্ন হয়ে দাড়াতে
অন্তত একটি পাপড়ি কুড়োনোর ভঙ্গিতে , আঙুল বাড়িয়ে অন্ধের মতো
ছুয়ে দিতে আমায়
জীব জগতে তোমার কোন অমলিন কীর্তি থেকে যেতো ।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন